জুলাই শহীদের মাকে সংসদে নিচ্ছে জামায়াত
জুলাই গণঅভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াত।ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে জামায়াত। একক প্রার্থী হওয়ায় তার সংসদ সদস্য (এমপি) হওয়া প্রায় নিশ্চিত বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে ইসিতে নিজের মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

জানা যায়, ছয় বছর বয়সী জাবির ইব্রাহিম ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে নিহত হয়। সে উত্তরার একটি স্কুলের নার্সারি শ্রেণির শিক্ষার্থী ছিল। সেদিন বাবার সঙ্গে মিছিলে অংশ নিতে গিয়ে প্রাণ হারায় ছোট্ট জাবির।

শহীদ জাবিরের মা রোকেয়া বেগম একজন গৃহিণী। তিন সন্তানের মধ্যে জাবির ছিল সবচেয়ে ছোট। তার স্বামী কবির হোসাইন একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। ঘটনার দিন সন্তানদের নিয়ে লংমার্চে অংশ নেন রোকেয়া বেগম। পরে বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় পুলিশ গুলি চালালে তার হাত ধরে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হয় জাবির। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

এদিকে, সংরক্ষিত নারী আসনে মোট ১৩টি মনোনয়ন পেয়েছে জামায়াত নেতৃত্বাধীন জোট। এর মধ্যে জামায়াত নিজে একাধিক আসনে প্রার্থী দিয়েছে এবং শরিক দলগুলোকেও কিছু আসন ছেড়ে দিয়েছে।

সোমবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জোটের নারী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন দলীয় বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী এবং জোটভুক্ত দলগুলোর প্রতিনিধিরা।

মঙ্গলবার নারী আসনের প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন। নির্বাচনী প্রক্রিয়া শেষে দ্রুতই সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা চূড়ান্ত হবে বলে জানা গেছে।