জামায়াতের মনোনয়ন পাওয়া কে এই মুন্নী?
অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী।ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী। মনোনয়ন পাওয়ার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে তাকে নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

সাবিকুন্নাহার মুন্নী বর্তমানে জামায়াতের কেন্দ্রীয় মহিলা বিভাগের মানবসম্পদ, আইন ও মানবাধিকার বিষয়ক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। তিনি ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জামায়াত নেতা মতিউর রহমানের সহধর্মিণী।

রাজনৈতিক জীবনের পাশাপাশি তার রয়েছে বিস্তৃত সাংগঠনিক ও পেশাগত অভিজ্ঞতা। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার সাবেক কেন্দ্রীয় সভানেত্রী ছিলেন। পরবর্তীতে জামায়াতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি মানবাধিকার ও আইনি সুরক্ষা কেন্দ্র (মাসুক)-এর নির্বাহী পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

আইন পেশায়ও সক্রিয় মুন্নী। তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং ল’ইয়ার্স কাউন্সিলের (মহিলা শাখা) সেক্রেটারি হিসেবে কাজ করছেন। পাশাপাশি লিগ্যাল এইড বাংলাদেশের নির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

দলীয় সূত্রে জানা গেছে, বিগত সময়ে দলের কঠিন সময়ে সক্রিয় ভূমিকা এবং সাংগঠনিক দক্ষতার কারণে মনোনয়ন বোর্ড তার ওপর আস্থা রেখেছে। ময়মনসিংহ জেলা জামায়াতের নেতাদের মতে, তার ত্যাগ ও নেতৃত্বগুণই তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।

এ বিষয়ে জামায়াত নেতা মতিউর রহমান বলেন, দল প্রার্থীর পরিচয় নয়, যোগ্যতা ও ত্যাগকে মূল্যায়ন করে। সেই বিবেচনায়ই তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে মনোনয়ন পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবিকুন্নাহার মুন্নী। তিনি বলেন, দল আমার ওপর আস্থা রেখেছে। সুযোগ পেলে সংসদ সদস্য হিসেবে দেশের অবহেলিত নারী সমাজ ও সাধারণ মানুষের জন্য কাজ করতে চাই।