উচ্চহারে তেল ও এলপিজির মূল্যবৃদ্ধি গ্রহণযোগ্য নয়: ইসলামী আন্দোলন বাংলাদেশ
ইসলামী আন্দোলন বাংলাদেশ।ফাইল ছবি

উচ্চহারে জ্বালানি তেল ও এলপিজির মূল্যবৃদ্ধিকে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সোমবার (২০ এপ্রিল) দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান এক বিবৃতিতে বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরদিনই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম এক লাফে ১৭ টাকা ৬২ পয়সা বাড়ানো হয়েছে। ফলে এখন প্রতি সিলিন্ডারে গ্রাহকদের আগের তুলনায় ২১২ টাকা বেশি গুনতে হচ্ছে। তিনি উল্লেখ করেন, চলতি এপ্রিলের শুরুতেও এক দফায় ৩৮৭ টাকা বাড়িয়ে এলপিজির দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তিনি বলেন, শহরের অধিকাংশ মানুষ রান্নার কাজে এলপিজির ওপর নির্ভরশীল। এ অবস্থায় নতুন করে মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়াবে এবং সামগ্রিকভাবে মুদ্রাস্ফীতি আরও ত্বরান্বিত করবে।

বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, অর্থনৈতিক সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যেমন আইএমএফ সাধারণত সরকারের ব্যয় কমানোর পরামর্শ দেয়। কিন্তু সরকার ব্যয় কমানোর পরিবর্তে সহজ পথ হিসেবে জ্বালানির দাম বাড়িয়ে দিচ্ছে। অথচ রাজস্ব আয় বৃদ্ধির মতো বিকল্প পথও রয়েছে, যা সরকার অনুসরণ করছে না।

তিনি আরও বলেন, জ্বালানির দাম লিটারে ২০ টাকা বাড়লেও এর প্রভাব বহুমাত্রিক। এতে পরিবহন থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় সব পণ্যের দামে প্রভাব পড়ে, ফলে সাধারণ মানুষ প্রতিটি ক্ষেত্রে অতিরিক্ত খরচে পড়ছেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপিয়ে সংকট সমাধানের চেষ্টা না করে বরং তাদের কষ্ট লাঘবে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিশ্ববাজারে তেলের দাম বাড়লে দেশের বাজারে সমন্বয় করা হলে, দাম কমলেও একইভাবে তা হ্রাস করার নীতি গ্রহণ করতে হবে।

তিনি জ্বালানির সাম্প্রতিক মূল্যবৃদ্ধি পুনর্বিবেচনার দাবি জানান এবং এ কারণে বেড়ে যাওয়া অন্যান্য পণ্যের দামও কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।