বিএনপির মনোনয়ন পাওয়া কে এই বীথি?
বীথিকা বিনতে হোসাইন।ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রদল নেত্রী ও প্রয়াত বিএনপি নেতা শফিউল বারী বাবুর সহধর্মিণী বীথিকা বিনতে হোসাইন।

সোমবার (২০ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য নিশ্চিত করেন।

দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় বীথিকা বিনতে হোসাইন স্বামী শফিউল বারী বাবুর আদর্শ অনুসরণ করে মাঠপর্যায়ে কাজ করে আসছেন। বিশেষ করে লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর এলাকায় দলীয় কর্মসূচি বাস্তবায়ন এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি স্থানীয়ভাবে পরিচিতি অর্জন করেছেন।

বীথিকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল রাজনীতির মাধ্যমে নেতৃত্বে উঠে আসেন। পাশাপাশি তিনি ‘অর্পণ আলোক’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠা করে অসহায় ও নির্যাতিত মানুষের সহায়তায় কাজ করছেন।

তার স্বামী শফিউল বারী বাবু বিএনপির রাজনীতিতে আলোচিত ব্যক্তিত্ব ছিলেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার পাশাপাশি জীবনের একটি বড় সময় তিনি কারাবরণ ও নির্যাতনের শিকার হন।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২১ এপ্রিল এবং মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল।