
জ্বালানি তেল ও ভোক্তা পর্যায়ে এলপিজি গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে ইসলামী ছাত্রশিবির। সংগঠনটি অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের দাম পুনর্বহালের দাবি জানিয়েছে।
সোমবার (২০ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম একলাফে লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। একইসঙ্গে মাত্র ১৭ দিনের ব্যবধানে দুই দফায় এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে।
সংগঠনটির নেতারা অভিযোগ করে বলেন, সরকার একদিকে পর্যাপ্ত জ্বালানি মজুতের দাবি করলেও বাস্তবে বাজারে সংকট ও মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ভোগান্তি বাড়াচ্ছে। তাদের মতে, জ্বালানি ব্যবস্থাপনায় ব্যর্থতা ও অসাধু সিন্ডিকেটের প্রভাবেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধি পরিবহন ব্যয়, কৃষি উৎপাদন খরচ এবং শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলবে। এর ফলে নিত্যপণ্যের দাম আরও বেড়ে সাধারণ মানুষের ওপর চাপ বাড়বে।
এলপিজির মূল্যবৃদ্ধিকে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য “অতিরিক্ত চাপ” হিসেবে উল্লেখ করে নেতারা বলেন, বর্তমান পরিস্থিতি খেটে খাওয়া মানুষের জীবনযাত্রাকে আরও দুর্বিষহ করে তুলবে।
নেতারা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে জ্বালানি মূল্য নির্ধারণ করতে হবে। অন্যথায় জনগণ আন্দোলনের পথে যেতে পারে বলেও হুঁশিয়ারি দেন তারা।
বিবৃতিতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ।



