
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় কর্তৃক জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছে খেলাফত মজলিস।
রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান দলটির আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।
তারা বলেন, এই মূল্য বৃদ্ধির ফলে দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এতে মূল্যস্ফীতি বাড়বে এবং জনজীবনে নতুন করে দুর্ভোগ নেমে আসবে।
তারা আরও বলেন, সরকার মূল্য বৃদ্ধির পেছনে বিশ্ববাজারে জ্বালানি তেলের ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা উল্লেখ করেছে। কিন্তু ৫০ দিন পর যুদ্ধ যখন শেষ পর্যায়ে, তখন এই মূল্য বৃদ্ধি কেন? কাদের চাপে সরকার জনগণকে দুর্বিসহ পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে? যদিও আইএমএফসহ উন্নয়ন সহযোগীদের দীর্ঘদিনের দাবি হচ্ছে জ্বালানি খাতে ভর্তুকি কমানো। তারা জনস্বার্থে এর প্রতিবাদ জানাচ্ছেন বলে উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, একদিকে পাম্পগুলোতে পর্যাপ্ত তেল না পাওয়ায় ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইনে দাঁড়িয়েও সাধারণ মানুষ তেল পাচ্ছে না, অন্যদিকে সরকার বলছে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাম্প মালিক ও অসাধু গ্রাহকদের সিন্ডিকেট এবং সরকারের অব্যবস্থাপনার কারণে গত দুই মাস ধরে সাধারণ মানুষ জ্বালানি নিরাপত্তাহীনতায় ভুগছেন। নতুন মূল্য বৃদ্ধি এই পরিস্থিতিকে আরও বিপর্যয়কর করে তুলবে। খেলাফত মজলিস সরকারের প্রতি অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানো এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছে।



