
রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘আপ বাংলাদেশ’ (ইউনাইটেড পিপলস বাংলাদেশ)-এর শীর্ষ নেতৃত্বসহ ৩৩ জন নেতা-কর্মী রোববার (১৯ এপ্রিল) জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন। দুপুরে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের আনুষ্ঠানিকভাবে দলে অন্তর্ভুক্ত করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান রিফাত এবং মুখপাত্র শাহরীন সুলতানা ইরার নেতৃত্বে কেন্দ্রীয় পর্যায়ের প্রায় ৩০ জন সদস্যসহ মোট ৩৩ জন এই যোগদান প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন।
আপ বাংলাদেশের পক্ষ থেকে আগের দিন দেওয়া এক বিবৃতিতে বলা হয়, ‘জুলাই-পরবর্তী রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়ন এবং সমমনা শক্তিগুলোর বৃহত্তর ঐক্য গড়ে তোলার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে এনসিপির একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই যোগদান কেবল শুরু। জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজন প্রভাবশালী নেতা এবং অন্য রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি থেকে কিছু নেতার সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শিগগিরই তাদেরও আনুষ্ঠানিকভাবে দলে স্বাগত জানানো হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানান, ‘দীর্ঘদিন ধরেই বিভিন্ন গণতান্ত্রিক ও আন্দোলনভিত্তিক শক্তিকে এক প্ল্যাটফর্মে আনার চেষ্টা চলছে। আপ বাংলাদেশের নেতাদের যোগদান সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ।’
জানা গেছে, যোগ দিতে যাওয়া নেতাদের মধ্যে জুনায়েদ, রাফে ও ইরা ছাড়াও জসিম উদ্দিন, জাহিদুর রহমান, তৌসিব মাহাবুব সোহান, কাজী সালমান ও মোশারেফ হোসেনসহ আরও অনেকে রয়েছেন। তারা ভবিষ্যতে এনসিপির বিভিন্ন সাংগঠনিক স্তরে দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, গত বছরের ৯ মে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণার মাধ্যমে আত্মপ্রকাশ করে ‘আপ বাংলাদেশ’। এরপর থেকেই প্ল্যাটফর্মটি রাজনৈতিক পরিসরে সক্রিয় ভূমিকা রেখে আসছে।



