মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
মাওলানা মুহাম্মাদ মামুনুল হকছবি: আরটিএনএন

বাংলার ইতিহাস পুনর্গঠন এবং ভবিষ্যৎ রাষ্ট্রকল্প নির্ধারণে সঠিক ইতিহাসচর্চার ওপর জোর দিয়ে কঠোর বার্তা উঠে এসেছে জামিয়াতুত তারবিয়াহ আর ইসলামিয়ার ইতিহাস ও রাজনীতি বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে। 

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, ইতিহাস বিকৃতি ও আত্মপরিচয়ের সংকট দূর না হলে জাতির ভবিষ্যৎ দিকনির্দেশনা সঠিক পথে এগোবে না।

‘বাংলার ইতিহাসের পুনর্গঠন ও ভবিষ্যতের রাষ্ট্রকল্প’ শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের ইতিহাস রচনায় বড় ধরনের বঞ্চনা ও বিকৃতি ঘটেছে। হাজার বছরের ইতিহাসে মুসলমানদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও তা আধুনিক ইতিহাসচর্চায় যথাযথভাবে প্রতিফলিত হয়নি। এ জন্য তিনি বাইরের কোনো শক্তিকে দায়ী না করে নিজেদের উদাসীনতা, বুদ্ধিবৃত্তিক দুর্বলতা ও দায়িত্বহীনতাকেই প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, “আমরা নিজেরাই আমাদের ইতিহাস লিখিনি; বরং অন্যদের ওপর নির্ভর করেছি। ফলে আমাদের দৃষ্টিভঙ্গি ও ঐতিহ্য উপেক্ষিত হয়েছে।” তিনি তরুণ গবেষক ও আলেম সমাজকে ইতিহাসচর্চায় সক্রিয়ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

ইতিহাসকে জাতির আত্মপরিচয়ের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ইতিহাস শুধু অতীত নয়; এটি ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের অন্যতম প্রধান উপাদান। সঠিক ইতিহাসচর্চা ছাড়া কোনো আদর্শভিত্তিক রাষ্ট্র গঠন সম্ভব নয়।”

সভাপতির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেন, উপমহাদেশে স্বাধীনতা ক্ষুণ্ন হওয়ার পর উলামায়ে কেরাম দীর্ঘ সময় সংগ্রাম করেছেন। পরবর্তীতে মুসলমানদের মৌলিক আকিদা-বিশ্বাস সংরক্ষণের প্রয়োজন থেকেই দেওবন্দ প্রতিষ্ঠিত হয়।

তিনি আরও বলেন, ১৯৪৭, ১৯৭১ এবং সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে ইসলামের মৌলিক বিষয় সংরক্ষণের পাশাপাশি জাতিকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন এখন সময়ের দাবি।

রাষ্ট্র পরিচালনার জ্ঞান অর্জনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নেতৃত্ব দিতে হলে আগে রাষ্ট্রকে বুঝতে হবে। কোনো ক্ষেত্রে পরিবর্তন আনতে হলে সেই বিষয় সম্পর্কে গভীর জ্ঞান থাকা অপরিহার্য।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইতিহাস ও রাজনীতি বিভাগের প্রধান মাওলানা মনজুর আহমাদ। সঞ্চালনা করেন দৈনিক আমার দেশ-এর সাহিত্য সম্পাদক ও বিভাগের শিক্ষক মুহিম মাহফুজ এবং মাওলানা ইব্রাহিম জামিল।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ইতিহাসবিদ মোহাম্মদ আব্দুল মান্নান, রাষ্ট্রচিন্তক জগলুল আসাদ, এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাস বিভাগের চেয়ারম্যান ডা. উসমান গনী এবং এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ।

বক্তারা বলেন, ইতিহাসের সঠিক পুনর্গঠন এবং সুস্পষ্ট রাষ্ট্রচিন্তা গড়ে তুলতে না পারলে জাতি ভবিষ্যতে আরও বড় সংকটে পড়বে। তাই বুদ্ধিবৃত্তিকভাবে সংগঠিত উদ্যোগের মাধ্যমে ইতিহাসচর্চা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।