১১ দলীয় ঐক্য
১১ দলীয় ঐক্যছবি: সংগৃহীত

ত্রয়োদশ সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য তফসিল ঘোষণার পর থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন দল ও জোট মিলে মোট ৩৭৫টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

৯ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ তালিকায় এ চিত্র দেখা গেছে। 

ইসি যুগ্মসচিব মঈন উদ্দীন খান বলেছেন, সর্বশেষে বুধবার জামায়াত জোটের বরাদ্দ পাওয়া ১৩টি আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। মোট সংগ্রহ করা মনোনয়নপত্রের মধ্যে জমা পড়েছে দুটি।

ত্রয়োদশ সংসদের আসন অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি ও স্বতন্ত্র জোট ১টি আসন বরাদ্দ পেয়েছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের বলেন, 'বিরোধী দলীয় নেতা জামায়াত আমিরের পক্ষে বুধবার (১৫ এপ্রিল) ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করে জোটের জন্য ১৩টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। 

জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় জোটের তরফে মনোনয়ন চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কাছে ২০ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিস্তারিত জানানো হবে।'

তফসিল অনুযায়ী, ত্রয়োদশ সংসদের ৫০ সংরক্ষিত নারী আসনে ভোট হবে ১২ মে।

ইসি সচিবালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে ২১ এপ্রিলের মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল।