
বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে দলের নির্বাচনী প্রতিশ্রুত ‘৮টি ফ্ল্যাগশিপ কর্মসূচি’র অগ্রগতি ও অর্জন তুলে ধরে একটি বিশেষ বুকলেট হস্তান্তর করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বুকলেটটি তুলে দেন দলের চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য ড. জিয়াউদ্দিন হায়দার। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ সেন্টার ও বিএনপি গ্রাসরুটস নেটওয়ার্কের তত্ত্বাবধানে প্রকাশিত এই বুকলেটে দলের নির্বাচনী অঙ্গীকারের গুরুত্বপূর্ণ খাতসমূহ তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে—ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান, পরিবেশ সংরক্ষণ, ক্রীড়া উন্নয়ন এবং ধর্মীয় প্রতিষ্ঠান সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কল্যাণ।
বুকলেটে এসব খাতে সরকারের গৃহীত উদ্যোগ, অগ্রগতি ও অর্জনের বিস্তারিত তথ্য সংকলিত হয়েছে। একই সঙ্গে এটি নবনির্বাচিত সংসদ সদস্য, মন্ত্রিপরিষদের সদস্য, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের মধ্যেও বিতরণ করা হয়েছে, যাতে তারা চলমান কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারেন।
বিএনপি নেতারা মনে করেন, গণতান্ত্রিক ব্যবস্থায় তথ্যের অবাধ প্রবাহ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যকে সামনে রেখে প্রকাশিত এই বুকলেটটি প্রতি ৩ থেকে ৪ মাস অন্তর হালনাগাদ করার পরিকল্পনা রয়েছে।
দলটির মতে, এ উদ্যোগ সরকারের কর্মকাণ্ড সম্পর্কে জনগণের আস্থা বৃদ্ধি করবে এবং জবাবদিহিতামূলক প্রশাসন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



