বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
বিরোধী দলের চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামছবি: সংগৃহীত

সরকারকে জনগণের সব বকেয়া বুঝিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন সংসদের বিরোধী দলের চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীতে এনসিপির আয়োজিত বৈশাখী র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, সরকার জুলাই সনদের বকেয়া রেখেই নতুন হালখাতা খুলেছে। নববর্ষের এই দিনে তিনি সরকারের প্রতি আহ্বান জানান, জনগণের সব বকেয়া পরিশোধ করতে হবে। 

তিনি অভিযোগ করেন, সরকার গণভোটকে অমান্য করার চেষ্টা করছে এবং জনগণের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নে বিলম্ব করছে। তার মতে, অচিরেই গণভোটের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার কার্যকর করতে হবে।

তিনি আরও বলেন, জনগুরুত্বপূর্ণ কিছু অধ্যাদেশ বাতিল করে সরকার জনগণের সঙ্গে বেইমানি করেছে। তবে তিনি আশা প্রকাশ করেন, সরকার দ্রুত সময়ের মধ্যে সেগুলোকে নতুন করে বিল আকারে সংসদে উপস্থাপন করে আইনে পরিণত করবে।

বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, অতীতে পহেলা বৈশাখসহ বিভিন্ন উৎসবকে দলীয়করণ করা হয়েছিল। বর্তমানে সেই উৎসবগুলোকে নাগরিক উৎসব হিসেবে উদ্‌যাপনের উদ্যোগ নেয়া হচ্ছে। একইসঙ্গে সংস্কার ও সাংস্কৃতিক মুক্তির আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাঙালির সাংস্কৃতিক পরিচয়ের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, বাঙালি শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, বরং সারা পৃথিবীতেই বিস্তৃত। তবে সব বাঙালির সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে বাংলাদেশকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। তিনি মনে করেন, বহু ভাষা ও বহু সংস্কৃতির ঐতিহ্যের ধারক-বাহক হিসেবে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।

এর আগে পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে বিকেলে রাজধানীর বাংলামোটর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে এনসিপি। র‌্যালিটি শাহবাগ প্রদক্ষিণ করে ইস্কাটন রোডে গিয়ে শেষ হয়। পরে নেতাকর্মীদের অংশগ্রহণে ‘নাগরিক বর্ষবরণ ১৪৩৩’ শিরোনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বৈশাখী উৎসবের নানা দিক তুলে ধরা হয়।