ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।ছবি: সংগৃহীত

নাগরিকদের জীবনমান সহনীয় করতে সরকারের অর্জন সন্তোষজনক নয় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

সোমবার (১৩ এপ্রিল) বরগুনার তালতলী উপজেলার একটি মডেল মসজিদে আয়োজিত দায়িত্বশীল তারবিয়াতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চরমোনাই পীর বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দুই মাস পেরিয়ে গেলেও নাগরিক জীবনমান উন্নয়নে কার্যকর কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। জ্বালানি সংকটের কারণে সারাদেশে সংকট তৈরি হয়েছে, মাছ আহরণ ব্যাহত হচ্ছে এবং নিত্যপণ্যের দাম জনগণের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি বলেন, হামের মতো রোগে শিশু মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতিতেও প্রত্যাশিত উন্নতি হয়নি। মানুষের জীবন আগের চেয়েও কোনো কোনো ক্ষেত্রে আরও খারাপ হয়েছে। আমি সরকারকে বলবো, মানুষের জীবনমান সহনীয় করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিন।