
সংবিধানকে ব্যবহার করে সরকার দেশকে নতুন করে ফ্যাসিবাদী শাসনের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, সাম্প্রতিক বিভিন্ন সিদ্ধান্তে সরকার জনগণের মতামত উপেক্ষা করে একতরফাভাবে রাষ্ট্র পরিচালনার পথে হাঁটছে।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের এবি মিলনায়তনে জাতীয় নির্বাহী কমিটির (এনইসি) বিশেষ সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও গণভোটের রায় বাতিলের বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন দলটির নেতারা।
সভাপতির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু অভিযোগ করেন, গণভোটের রায় উপেক্ষা করা, সুপ্রিম কোর্ট সংশ্লিষ্ট অধ্যাদেশ, গুমবিরোধী অধ্যাদেশ এবং দুর্নীতি দমন সংক্রান্ত গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিলসহ জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি—এসব পদক্ষেপ প্রমাণ করে সরকার জনগণের মতামতকে গুরুত্ব দিচ্ছে না। তার ভাষায়, এসব কার্যক্রম সরকারের এক ধরনের কর্তৃত্ববাদী মনোভাবের প্রতিফলন, যা গণতন্ত্রের জন্য অশনিসংকেত।
তিনি আরও বলেন, সংবিধান কোনো রাজনৈতিক দলের স্বার্থ রক্ষার হাতিয়ার হতে পারে না; বরং এটি জনগণের অধিকার ও ন্যায়ের প্রতীক। কিন্তু বর্তমান সরকার সেই সংবিধানকেই নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার উপায় হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন তিনি। অতীতের উদাহরণ টেনে তিনি বলেন, সংবিধানের দোহাই দিয়ে কোনো শাসন দীর্ঘস্থায়ী হয় না।
দলের সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় নেতারা অংশ নেন। যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যোগ দেন ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আজম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার নুরুল গাফ্ফার এবং শ্যাডো বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্বাস নোমান খান।
তারা বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে এবং আইনের শাসন উপেক্ষা করে একতরফাভাবে সিদ্ধান্ত নেওয়া হলে তা দেশের গণতান্ত্রিক কাঠামোকে ক্ষতিগ্রস্ত করে। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে রাজনৈতিক অস্থিতিশীলতা আরও বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর কাসেম, অ্যাডভোকেট গোলাম ফারুক, বিএম নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূইয়া, অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি, ব্যারিস্টার সানী আবদুল হক, আমিনুল ইসলাম এফসিএ, আলতাফ হোসাইন, শাহাদাতুল্লাহ টুটুল, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল বাসেত মারজান, অ্যাডভোকেট সানাউল হক, ইঞ্জিনিয়ার লোকমান হোসেন ও মো. ছিদ্দিকুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা থেকে নেতারা সরকারকে গণভোটের রায় ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার আহ্বান জানান।



