
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের প্রতি পূর্ণ সংহতি ও সমর্থন জানিয়েছে ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
১১ এপ্রিল দিবাগত রাত তিনটার দিকে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানিয়ে অনশনরত দেখতে যান শিবির নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ। ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে তাদের সঙ্গে দেখা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি কাজী আশিক।
দীর্ঘ অনশনের ফলে শিক্ষার্থীদের শারীরিক অবস্থার অবনতিতে উদ্বেগ জানিয়েছেন তারা। একইসাথে সরকারের নির্বিকার অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
শিবির নেতারা বলেন, ‘‘শিক্ষার্থীদের আন্দোলন যৌক্তিক এবং সরকারের প্রতি তাদের দাবির প্রতি আরও বেশি গুরুত্ব দেওয়া উচিত। দীর্ঘদিন ধরে অনশনরত অবস্থায় থেকেও সরকারের কোনো পদক্ষেপ না নেওয়ায় শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হচ্ছে।’’
এরা আরও বলেন, ‘‘ছাত্রশিবির সবসময় ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে এবং এই সংকটময় মুহূর্তে অনশনরত শিক্ষার্থীদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।’’
এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, ‘‘সরকারের নির্বিকার অবস্থান তাঁদের আন্দোলনকে আরও তীব্র করেছে এবং তারা তাদের দাবি বাস্তবায়নের জন্য সংগ্রাম চালিয়ে যাবে।’’



