
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম শুরু করেছে বিএনপি।
শুক্রবার (১০ এপ্রিল) রাজধানীতে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি জানান, ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার টাকা।
রিজভী বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে হবে। অতীতে যারা আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন, তাদের মধ্য থেকেই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হবে।
তিনি আরও বলেন, বিরোধী রাজনৈতিক অবস্থানে থেকে বিএনপির নারী নেত্রীদের নানাভাবে নিপীড়ন, নির্যাতন ও কারাবরণের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাই মনোনয়ন প্রত্যাশা থাকা স্বাভাবিক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলের মনোনয়ন বোর্ড।
দলের শৃঙ্খলা ও সিদ্ধান্ত মেনে চলার আহ্বান জানিয়ে রিজভী বলেন, সকলকে দলের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে।
এদিকে বিএনপি সূত্র জানিয়েছে, সংরক্ষিত নারী আসনে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য আবেদন প্রক্রিয়া আগামী কয়েকদিন চলবে।



