
জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর সমালোচনা করে বলেছেন, তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্যে পরিণত করতে সক্ষম।
গতকাল সংসদে বক্তব্য দিতে গিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে উদ্দেশ্য করে বলেছেন যে আমি নাকি সংসদে দাঁড়িয়ে অসত্য কথা বলেছি। আল্লাহ তাকে এমন দক্ষতা দিয়েছেন যে তিনি সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য হিসেবে চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। এজন্যই আমি তাকে ধন্যবাদ জানাতে সংসদে দাঁড়িয়েছি।’
বিরোধী দলীয় নেতার এমন বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আগের দিনের এবং তা ইতোমধ্যে নিষ্পত্তি হয়েছে। নতুন করে সংসদে এটি তোলার প্রয়োজন নেই।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী আপত্তি জানিয়ে বলেন, বিরোধী দলীয় নেতা দুটি অসংসদীয় শব্দ ব্যবহার করেছেন, যার মধ্যে ‘মিথ্যা’ শব্দটি সংসদীয় ভাষার পরিপন্থী। তিনি এই শব্দটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার (এক্সপাঞ্জ) অনুরোধ জানান। পাশাপাশি তিনি ব্যাখ্যা করেন যে, তিনি আগের দিন বিরোধী দলীয় নেতার বক্তব্যকে ‘অসত্য ব্যাখ্যা’ বলেছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রুলস ৬২ অনুযায়ী একটি বেসরকারি সদস্যের উত্থাপিত মুলতবি প্রস্তাব গ্রহণের প্রসঙ্গে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। বিরোধী দল ওয়াকআউট করার পরে প্রস্তাবটি গৃহীত হওয়ায় সেটি সংসদে কীভাবে উপস্থাপিত হলো—এই প্রশ্ন থেকেই তিনি বক্তব্যটি দিয়েছেন।
এর জবাবে শফিকুর রহমান বলেন, একই বিষয়ের ওপর একজন স্বতন্ত্র সদস্য পূর্বে একটি প্রস্তাব এনেছিলেন, যা পরে ভিন্ন নামে পুনরায় আনা হয়েছে।
‘প্রস্তাবের বিষয়বস্তু একই ছিল, শুধু নাম পরিবর্তন হয়েছে। আমি আগের তথ্যের ভিত্তিতেই কথা বলেছি। আমি কোনো ভুল তথ্য দিইনি,’—যোগ করেন তিনি।
এ ঘটনায় সংসদে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পরে আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক হয়।



