ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ।ছবি: আরটিএনএন

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেছেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় এবারের ঈদ ছিল সবচেয়ে কষ্টদায়ক।

রোববার (২৯ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি সড়ক পরিবহন মন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে এসব কথা বলেন।

তিনি বলেন, এবারের ঈদযাত্রায় অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ছিল নজিরবিহীন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত সড়ক, রেল ও নৌপথে ৩৪২টি দুর্ঘটনায় ২৭৪ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন প্রায় দেড় হাজার।

এ অবস্থার মধ্যেও মন্ত্রীর ‘এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক’ মন্তব্যে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।

শেখ ফজলে বারী মাসউদ আরও বলেন, যেখানে দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানো প্রয়োজন ছিল, সেখানে মন্ত্রীর বক্তব্য দায়িত্বজ্ঞানহীন। তিনি অভিযোগ করেন, ভাড়া বেশি নেওয়া হলেও তা কম নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

সড়ক পরিবহনে অব্যবস্থাপনা ও নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে তিনি সড়ক পরিবহন মন্ত্রীর পদত্যাগ দাবি করেন।