বিএনপি, তারেক রহমান
জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে তারেক রহমান সরকারি দলের সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেন।ছবি: সংগৃহীত

সরকারি দল বিএনপির সংসদ সদস্যদের নিয়ে বৈঠক করেছেন দলীয় চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১১ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে এ বৈঠক হয়েছে। 

বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সকাল ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের পশ্চিম ব্লকে ‘সরকার দলীয় সংসদ সদস্যদের সাথে বৈঠক করেন। এই বৈঠকে সরকার দলীয় সংসদ সদস্যরা অংশ নেন।

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন বৃহস্পতিবার (১২ মার্চ) শুরু হচ্ছে। তবে এতে কে সভাপতিত্ব করবেন তা এখনও নির্ধারণ হয়নি। নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার কে হচ্ছেন, সে সিদ্ধান্তও আসেনি। জুলাই সনদ অনুযায়ী প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী ডেপুটি স্পিকার দেবে কিনা, তাও নির্ধারণ হয়নি।

এসব বিষয়ে বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের এ বৈঠক হলো বলে ধারণা করা হচ্ছে। জাতীয় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং সভাপতিত্ব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা। সাধারণত ক্ষমতাসীনদের মনোনীত প্রার্থীই স্পিকার ও ডেপুটি স্পিকার হন।

যদিও এবার ডেপুটি স্পিকারের পদটি বিরোধী দল জামায়াতকে দেওয়ার প্রস্তাব দিয়েছে বিএনপি। তবে তারা পদটি নেবে কিনা, তা নিশ্চিত নয়। বিরোধী দলের বৈঠকও আজ অনুষ্ঠিত হচ্ছে। সেখানে এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।