
মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ ও সহমর্মিতা জানাতে ঢাকায় অবস্থিত ইরান দূতাবাস-এ গেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
রোববার (৮ মার্চ) সকালে দলটি দূতাবাসে গিয়ে ইরানের জনগণ ও আয়াতুল্লাহ খামেনির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পরে প্রতিনিধিদল দূতাবাসে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমদ। এ সময় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহান আবাদি প্রতিনিধিদলের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোক প্রকাশের জন্য ধন্যবাদ জানান।
প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ এবং কেন্দ্রীয় শ্রম ও কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রহমান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং ইরানের জনগণের প্রতি সহমর্মিতা জানিয়েছে দলটি।
বার্তাটি পাঠিয়েছেন দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ।



