ছাত্রশিবির, কার্যকরী পরিষদ
ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।ফাইল ছবি

২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি ও সেক্রেটারি জেনারেলসহ ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয়  কমিটি গঠন সম্পন্ন করেছে ইসলামী ছাত্রশিবির। 

প্রতি বছর জানুয়ারিতে কমিটি গঠন হলেও এবার সংসদ নির্বাচনের কারণে কার্যকরী পরিষদের কমিটি গঠন পিছিয়ে দেয় সংগঠনটি। এর আগে গত বছরের ডিসেম্বরের ২৬ তারিখে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নুরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনীত হন সিবগাতুল্লাহ সিবগাহ। 

সংগঠনের সংবিধান অনুযায়ী সারাদেশের সদস্যদের প্রত্যক্ষ ভোটে ৪৭ জন কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হন। পরে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম নির্বাচিত সদস্যদের সঙ্গে পরামর্শক্রমে আরও ১৫ জনকে মনোনয়ন দেন। এবং পরবর্তীতে সভাপতি ও কার্যকরী পরিষদের পরামর্শের ভিত্তিতে কেন্দ্রীয় সেক্রেটারিয়েট কমিটি গঠন করে ছাত্রশিবির। 

এবারের কমিটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত সেশনে প্রচার সম্পাদকের দায়িত্ব পালনকারী আজিজুর রহমান আজাদ এবার কেন্দ্রীয় দপ্তর সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। অন্যদিকে ডাকসুর  জিএস এস এম ফরহাদ নতুন প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

গত সেশনের আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী এবার কেন্দ্রীয় মিডিয়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নতুন আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়া রাকসু ভিপি মো. মোস্তাকুর রহমান জাহিদ কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।

চবি শিবিরের সাবেক সভাপতি সাইদুল ইসলাম কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং কুবি শিবিরের সাবেক সভাপতি আমিরুল ইসলাম কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়াও কেন্দ্রীয় শিল্প ও সংস্কৃতি সম্পাদক হাফেজ মুহাম্মদ আবু মুসা, কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক মো. নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আব্দুল মোহাইমেন, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, কেন্দ্রীয় অর্থ সম্পাদক আনিসুর রহমান, কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক- মো. রিয়াজুল ইসলাম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মো. ফখরুল ইসলাম, কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি সম্পাদক মেহরাব হাসান, কেন্দ্রীয় প্রচার সম্পাদক এসএম ফরহাদ, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোন্তাকুর রহমান জাহিদ, কেন্দ্রীয় তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজির হোছাইন জুয়েল, কেন্দ্রীয় স্কুল কার্যক্রম সম্পাদক হেলাল উদ্দিন রুবেল, কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক মো. ইসমাইল, কেন্দ্রীয় ব্যবসায় শিক্ষা সম্পাদক মো. নূরুল হুদা, কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মহিবুর রহমান মুহিব, কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক- আরাফাত হোসেন মিলন, কেন্দ্রীয় আইন সম্পাদক মোহা. শামীম উদ্দীন, কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিল, কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক মু. মাহমুদুল হাসান, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক শাহীন আহমদ, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান, কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক মো. মুশফিকুর রহমান এবং কেন্দ্রীয় পাবলিক রিলেশনস সম্পাদক নুমায়ের আব্দুল্লাহ দায়িত্ব পেয়েছেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, নতুন দায়িত্বপ্রাপ্ত নেতারা সংগঠনের আদর্শ, শিক্ষা ও সাংগঠনিক  কার্যক্রমকে আরও গতিশীল করার অঙ্গীকার করেন। পরে সংবিধান অনুযায়ী কেন্দ্রীয় সভাপতি নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

সম্প্রতি রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।

কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহর সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

বিশেষ অতিথি হিসেবে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যকরী পরিষদ সদস্যদের উদ্দেশে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেন, ‘কার্যকরী পরিষদ সংগঠনের নীতি, আদর্শ ও কার্যক্রম বাস্তবায়নের সর্বোচ্চ সাংগঠনিক কাঠামো। এই পরিষদের সদস্য হিসেবে প্রত্যেককে সর্বপ্রথম নিজেদের আত্মতত্ত্বাবধান নিশ্চিত করতে হবে এবং কেন্দ্রীয় সভাপতিকে সহযোগিতা ও পরামর্শ দেওয়ার মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে গতিশীল রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘আগামী দিনের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরী পরিষদকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জনশক্তিদের মাঝে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি, সমসাময়িক পরিস্থিতি সম্পর্কে সঠিক উপলব্ধি গড়ে তোলা এবং তাদের দেশ ও জাতির কল্যাণে নিবেদিত, দায়িত্বশীল ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।’

দিনব্যাপী এ অধিবেশনে কার্যকরী পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা ও শপথ গ্রহণ, বার্ষিক পরিকল্পনা ২০২৬ প্রস্তাবনা পেশ, পর্যালোচনা ও অনুমোদন এবং অঞ্চল পরিচালক নির্ধারণ করা হয়।