
ঢাকা ১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে বিক্রির আহ্বান জানিয়েছেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কাওরান বাজারের কিচেন মার্কেটে ইসলামিয়া শান্তি সমিতি অফিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে এ আহ্বান জানান।
তিনি বলেন, আপনারা স্বেচ্ছায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমিয়ে বিক্রি করুন।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা চাঁদাবাজী বন্ধের দাবিও তোলেন। সাইফুল আলম খান মিলন বলেন, কাওরান বাজারে কোনো ধরনের চাঁদাবাজী হতে দেওয়া হবে না। সরকারের সহযোগিতা থাকলে দাম আরও কমানো সম্ভব।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা কিছু পণ্য কম দামে বিক্রির প্রতিশ্রুতি দেন। এরমধ্যে সয়াবিন তেল রূপচাঁদা ৫ লিটার ৯৪০ টাকা, ফ্রেশ ৫ লিটার ৯৩৫ টাকা চিনি ১০৩ টাকা কেজি, ট্যাং ২ কেজি (বিদেশি) ১৫৬০ টাকা, ছোলা প্রতি কেজি ৮০ টাকা, গরুর মাংস ৭৫০ টাকা কেজি এবং মিনিকেট চাল ৮১ টাকা কেজি দরে বিক্রি করবেন বলে জানান ব্যবসায়ীরা।



