জামায়াত, এমপি
আল ফালাহ মিলনায়তনে জামায়াতের এমপিদের নিয়ে আয়োজিত ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ বুধবার সকালে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুরে শেষ হয়।ছবি: সংগৃহীত

শপথ গ্রহণ ও বিরোধীদলীয় নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়া শেষ করে জাতীয় সংসদে সক্রিয় ভূমিকা রাখতে প্রস্তুতি জোরদার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটি তাদের নবনির্বাচিত সংসদ সদস্যদের জন্য দুদিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে।

রাজধানীর মগবাজার এলাকায় দলটির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এই ‘ওরিয়েন্টেশন প্রোগ্রাম’ বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে শুরু হয়ে বৃহস্পতিবার দুপুরে শেষ হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচিত সংসদ সদস্যদের প্রায় ৮০ শতাংশই নতুন। তাদের সংসদীয় কার্যপ্রণালি বিধি, বিল ও বাজেট প্রণয়ন প্রক্রিয়া, স্থায়ী কমিটির কার্যক্রম এবং বিরোধী দলের কৌশলগত ভূমিকা সম্পর্কে ধারণা দিতে পাঁচটি পৃথক সেশনে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালায় অভিজ্ঞ সাবেক আমলা, শিক্ষাবিদ, নির্বাচন কমিশনের সাবেক দায়িত্বশীল ব্যক্তি এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তারা অংশ নেন।

প্রশিক্ষণে তাত্ত্বিক আলোচনার পাশাপাশি প্রশ্নোত্তর পর্বও ছিল। সংসদীয় প্রোটোকল, ব্যক্তিগত ও সম্মিলিত ভূমিকা, বিল পাসের ক্ষেত্রে বিরোধী দলের কৌশল এবং ভবিষ্যতে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন হলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সম্ভাব্য সম্পর্ক নিয়েও আলোচনা করা হয়।

দলের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানান, সংসদ সদস্যদের দক্ষতা বাড়াতে প্রতিবছরই এমন কর্মশালার আয়োজনের পরিকল্পনা রয়েছে। বিশেষ করে বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে যাতে দলীয় সদস্যরা কার্যকর ভূমিকা রাখতে পারেন, সে লক্ষ্যে এ উদ্যোগ অব্যাহত থাকবে।

কর্মশালায় অংশ নেওয়া ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান (মিলন) এবং পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন প্রশিক্ষণটিকে সময়োপযোগী ও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তারা জানান, নতুন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে এ কর্মশালা তাদের সুস্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম (আরমান) বলেন, বিরোধী দল হিসেবে গঠনমূলক সমালোচনা ও আইনি বিতর্কে সক্রিয় অংশগ্রহণে এই প্রশিক্ষণ তাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে।

দলটির এই উদ্যোগে ইঙ্গিত মিলছে, আসন্ন সংসদ অধিবেশনে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুসংগঠিত ও তথ্যনির্ভর বিরোধী দল হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে চায়।