ছাত্রশিবির, রাজশাহী
রাজশাহীতে ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন করেছে শিবির।ছবি: সংগৃহীত

ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার ২০২৬ সেশনের নতুন কমিটি গঠন সম্পন্ন হয়েছে। এতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইমরান নাজির এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ডা. সাখাওয়াত হোসেন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির রাজশাহী মহানগর শাখার সদস্যদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। শিবিরের কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে এ ভোট অনুষ্ঠিত হয়। ফলাফল ঘোষণা করেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। এ সময় তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইমরান নাজির শাখা সেক্রেটারি হিসেবে ডা. সাখাওয়াত হোসেনকে মনোনীত করেন। পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

সমাবেশে কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম। এছাড়াও শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।