জামায়াত, ইসি
সংবাদ সম্মেলনে কথা বলেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ।ছবি: সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এ এইচ এম হামিদুর রহমান আযাদ। তিনি দাবি করেন, কিছু কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাই ব্যালটে সিল মেরেছেন এবং ভোটের রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বাংলাদেশ নির্বাচন কমিশন কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের নেতাদের সঙ্গে ইসির বৈঠকে এসব অভিযোগ উত্থাপন করা হয়। বৈঠকে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদসহ কমিশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হামিদুর রহমান আযাদ সাংবাদিকদের বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার এবং ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ হয়েছে। তার অভিযোগ, কোনো কোনো কেন্দ্রে কর্তব্যরত কর্মকর্তারা নিজেরাই ব্যালটে সিল দিয়েছেন। কোথাও কোথাও ভোটগ্রহণে বাধা ও ভীতি সৃষ্টির ঘটনাও ঘটেছে। ফলে ভোট কাস্টিং কম হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, আমরা ১১ দল বারবার কমিশনকে জানিয়েছি, কিন্তু সন্তোষজনক কোনো পদক্ষেপ পাইনি। কিছু কেন্দ্রে অস্বাভাবিক হারে ভোট কাস্টিং হয়েছে। অতিরিক্ত ব্যালট ব্যবহার হয়েছে। সবমিলে নির্বাচন প্রক্রিয়া ভালো ছিল না।

জামায়াতের এ নেতা অভিযোগ করেন, ভোট গণনার সময় এজেন্টদের জোরপূর্বক কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং রেজাল্ট শিটে ঘষামাজা করা হয়েছে। তিনি দাবি করেন, ঢাকা-৬ আসনেও এজেন্ট পরিবর্তনের ঘটনা ঘটেছে।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির মিডিয়া সমন্বয়ক এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াত নেতা ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন।