
জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে।
বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে বসুন্ধরায় অবস্থিত জামায়াত কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জাপানের রাষ্ট্রদূত ও জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনপ্রধান মাসাতো ওয়াতানাবে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বৈঠকে বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচন সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে অনুষ্ঠিত হচ্ছে কি না—সে বিষয় পর্যবেক্ষণের কথা তুলে ধরে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশন। পাশাপাশি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব নিয়েও আলোচনা হয়।
সাক্ষাতে উভয় পক্ষ আশা প্রকাশ করে জাপানি নির্বাচন পর্যবেক্ষণ মিশনের এই উদ্যোগ বাংলাদেশের গণতন্ত্রকে আরও সুসংহত করতে সহায়ক হবে এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় ভবিষ্যতে বাংলাদেশ ও জাপানের মধ্যে উন্নয়ন, অগ্রগতি এবং পারস্পরিক সম্পর্ক আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন মাসুদ এবং দলটির পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।



