
আজ ২০ বছর পর নির্বাচনী প্রচারণায় বরিশাল যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নেতাকে দেখতে ভোর থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন। কেউ কেউ ফজর নামাজ পড়েই ঐতিহাসিক বেলস পার্ক মাঠের দখল নিয়েছেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় এই ঐতিহাসিক মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত থাকবেন।
মাহদী আমিন বলেন, তারেক রহমান বুধবার তার নির্বাচনি প্রচারণার অংশ নিতে বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন। বেলা ১১টায় বিমান যোগে তিনি বরিশালে যাবেন এবং সেখানে বেলস পার্ক মাঠে দুপুর ১২টায় নির্বাচনি জনসভায় অংশ নিবেন। দুপুর ১টায় বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশে রওনা দেবেন এবং সেখানে পৌঁছে রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। তারপর আবার বিমান যোগে ঢাকায় ফিরবেন। এ সফরের মাধ্যমে ঢাকার বাইরের প্রচার শেষ হবে বিএনপি চেয়ারম্যানের।
তারেক রহমানের বরিশাল আগমনকে ঘিরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঐতিহাসিক বেলস পার্ক মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়ছে। সড়ক ও নৌপথে বরিশাল বিভাগের ৬টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হচ্ছেন। মাঠের পূর্ব পাশে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে। নারী নেতাকর্মীদের বসার জন্য বাঁশ দিয়ে আলাদা জায়গা ঘেরাও করে সেখানে কলাপাতা বিছিয়ে দেওয়া হয়েছে। পুরো শহর ও সমাবেশস্থল ছেয়ে গেছে ব্যানার-ফেস্টুন আর তোরণে।
পটুয়াখালী-৪ আসনে গণঅধিকার পরিষদের নুরুল হক নুর এবং ভোলা-১ আসনে বিজেপির আন্দালিব রহমান পার্থ ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছেন। এছাড়া পিরোজপুর ও পটুয়াখালীর কয়েকটি আসনে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের প্রার্থীদের সঙ্গে বিএনপির মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে।
তারেক রহমান ২০০৬ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে বরিশাল সফর করেছিলেন।
এমআর/আরটিএনএন



