
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা মানে শুধু একটি নির্দিষ্ট গোষ্ঠীর কথা ভাবা নয়, বরং পুরো সমাজের জন্য সমান ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশান সোসাইটি লেক পার্কে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আয়োজিত “অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ—শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীদের সাথে” শীর্ষক অনুষ্ঠানে ব্যারিস্টার জাইমা রহমান ইউনিভার্সাল ডিজাইনের গুরুত্ব তুলে ধরেন।
তিনি বলেন, ইউনিভার্সাল ডিজাইন এমন একটি ধারণা, যা শুধু প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নয়; শিশু, বয়স্ক, প্র্যাম ব্যবহারকারীসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও নিরাপদ করে তোলে।
প্রতিবন্ধী ব্যক্তিদের উদ্দেশে তিনি বলেন, “নানান সীমাবদ্ধতা ও কষ্টের মধ্যেও আপনারা যে সক্ষমতা ও সাফল্যের পরিচয় দিয়েছেন, তা দেশ ও জাতির জন্য গর্বের। আমরা চাই আপনারা আরও এগিয়ে আসুন, নেতৃত্ব দিন। আমরা সবাই একসঙ্গে কাজ করতে চাই—ইনশাআল্লাহ।”
মতবিনিময়কালে উপস্থিত প্রতিবন্ধী ব্যক্তিরা তাদের দৈনন্দিন জীবনের চ্যালেঞ্জ, সুযোগ-সুবিধার অভাব ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এ সময় একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বিএনপি ক্ষমতায় এলে প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত আসন বরাদ্দ রাখার দাবি জানান তারা। একই সঙ্গে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে প্রতিবন্ধীদের প্রতিনিধিত্ব রাখার দাবিও জানান।
প্রতিবন্ধীরা সব জায়গায় বৈষম্যের শিকার হচ্ছেন দাবি করে তারা বলেন, বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে প্রতিবন্ধীদের সঙ্গে হওয়া বৈষম্য দূর করতে উদ্যোগ নেওয়ার আহ্বান করেন।
তারা বলেন, আমরা সমাজের বোঝা হতে চাই না। কারও দয়ায় বেঁচে থাকতে চাই না। আমাদের যোগ্যতা দিয়ে নিজেদের প্রমাণ করতে চাই। আমরা সুযোগ পাচ্ছি না, ফলে আমাদের যোগ্যতা দেখানোর সুযোগও পাচ্ছি না। আমাদের মেধা যাতে প্রকাশ করতে পারি, তার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে।



