
চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের ধানের শীষ প্রতীকে ভোট করতে কোনো আইনগত বাধা নেই বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেন।
আইনজীবী মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম-৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার বিরুদ্ধে যমুনা ব্যাংকের করা আবেদনের ওপর শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে গত ১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের (ইসি) মনোনয়ন বৈধ ঘোষণার বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে চট্টগ্রাম-২ আসনের (ফটিকছড়ি) বিএনপি মনোনীত প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে হাইকোর্ট তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন। ফলে ধানের শীষ প্রতীকে তাঁর নির্বাচন করার পথ সুগম হয়।
উল্লেখ্য, গত ১৮ জানুয়ারি নির্বাচন ভবনে আপিল শুনানি শেষে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর তাঁর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল করা হয়। জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুল আমীন এ অভিযোগ দায়ের করেন।
প্রার্থিতা বাতিলের পর সারোয়ার আলমগীর উচ্চ আদালতে রিট আবেদন করেন এবং পরে হাইকোর্ট তাঁর পক্ষে আদেশ দেন।
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।



