জামায়াত, ইশতেহার
জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ অনিবার্য কারণে ইশতেহার অনুষ্ঠান স্থগিত করার খবর জানায়।ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বনির্ধারিত নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করেছে। 

রোববার (১ ফেব্রুয়ারি) এ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও শনিবার রাতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ অনিবার্য কারণে এটি স্থগিতের খবর জানায়।

জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, আমির ডা. শফিকুর রহমানের আকস্মিক ও জরুরি শেরপুর সফরের কারণে মূলত ইশতেহার ঘোষণার অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া অনুষ্ঠানের নতুন সময় ও তারিখ রোববার বিকেলের মধ্যে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

সূত্র জানায়, রোববার সকাল সাড়ে ১০টায় জামায়াত আমির শেরপুরের শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করবেন। এরপর তিনি শেরপুর ও জামালপুরে দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতা দেবেন। শেরপুরে জনসভা বেলা ১১টায়, আর জামালপুরে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে।

দিনশেষে ঢাকায় ফিরে জামায়াত আমির ঢাকা-১৫ আসনে বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও জনসভা করবেন।