নির্বাচন
ইসলামী আন্দোলন বাংলাদেশ।ছবি: সংগৃহীত

রাষ্ট্র পরিচালনার সব ক্ষেত্রে শরীয়াহকে প্রাধান্য দিয়ে বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামী ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেল তিনটায় রাজধানীতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার প্রকাশ করা হবে।

শুক্রবার (৩১ জানুয়ারি) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের আমীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতেহারে জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যাশাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়। পুরোনো বন্দোবস্ত উৎখাত করে নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠার দাবির প্রতি সম্মান জানিয়ে নয়া বন্দোবস্ত হিসেবে শরীয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হবে বলে ইশতেহারে উল্লেখ থাকবে।

দলের ইশতেহারের প্রতিপাদ্য হিসেবে নির্ধারণ করা হয়েছে- “জনপ্রত্যাশার বাংলাদেশ”। জনপ্রত্যাশার অংশ হিসেবে শরীয়াহর প্রাধান্য, জুলাই সনদের প্রতি দায়বদ্ধতা, তারুণ্যের কর্মসংস্থান, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক সেবা ও নাগরিক অধিকারের বিষয়গুলো বিশেষ গুরুত্ব পাবে।

এ ছাড়া ইশতেহারে আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বিনিয়োগ আকর্ষণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, পারস্পরিক সহযোগিতাভিত্তিক সামাজিক কাঠামো গঠন এবং সম্মান ও ভারসাম্যনির্ভর বৈদেশিক নীতির ওপর গুরুত্ব আরোপ করা হবে বলে জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে ইশতেহার উপস্থাপন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এ সময় দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন পেশার বিশিষ্টজন উপস্থিত থাকবেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এ তথ্য নিশ্চিত করেন।