তারেক রহমান, বিএনপি
বিএনপির প্রার্থী রশীদ আহমাদ।ছবি: সংগৃহীত

যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির প্রার্থী রশীদ আহমাদের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাঁকে আওয়ামী লীগের ভোটারদের উদ্দেশে বলতে শোনা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেওয়া হবে।

সম্প্রতি হিন্দু অধ্যুষিত ভবদহ এলাকায় নির্বাচনী পথসভায় দেওয়া ওই বক্তব্যে রশীদ আহমাদ বলেন, ‘যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, তাই আপনারা ধানের শীষকে ভোট দেবেন।’ তাঁর এই বক্তব্য ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে।

ভাইরাল ভিডিওতে রশীদ আহমাদ আরও বলেন, জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে আবার রাজনীতির সুযোগ দিয়েছিলেন। সে উদাহরণ টেনে তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমান ক্ষমতায় এলে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাবে।

রশীদ আহমাদ আগে জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ছিলেন। বিএনপির শরিক দল হিসেবে তিনি দলীয় মনোনয়ন পান। পরে জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।

এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রসঙ্গ তোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মন্তব্য করছেন, আওয়ামী লীগের ভোটব্যাংক নিজেদের দিকে টানতেই এমন বক্তব্য দেওয়া হয়েছে।

জুলাইযোদ্ধা সংগঠনের যশোরের আহ্বায়ক এ বি আহাদ হোসাইন বলেন, বিএনপির প্রার্থীর বক্তব্যটি তাঁরা শুনেছেন। তিনি বলেন, এখনও ফ্যাসিস আওয়ামী লীগের হত্যা ও গুমের বিচার হয়নি। জুলাইযোদ্ধাদের রক্তের দাগ এখনও শুকায়নি। নতুন বাংলাদেশে ফ্যাসিস শক্তির ফিরে আসা কাম্য নয়। এ বিষয়ে আমরা সংবাদ সম্মেলন করব।

তবে নিজের বক্তব্যের ব্যাখ্যায় রশীদ আহমাদ বলেন, তাঁর বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে। তিনি বলেন, বিএনপি ও দেশনায়ক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না। সেই উদাহরণ হিসেবেই আমি কথা বলেছি। বিষয়টি নিয়ে আমার প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল নিচ্ছে।