
নির্বাচনী মাঠে বা অন্য কোথাও নারীদের ওপর হামলা ও অপমান সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমিরর ডাক্তার শফিকুর রহমান।
সকালে (৩০ জানুয়ারি) ফেনীর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। জামায়াত আমির বলেন, নির্বাচনী প্রচার মাঠে কিছু কিছু জায়গায় মা-বোনদের ওপর হামলা করা হচ্ছে। যারা এমন কাজ করছেন তাদের সতর্ক করে দিচ্ছি। মা-বোনদের অপমান করলে সহ্য করা হবে না।
জামায়াত পরিবারতন্ত্রের ধারা পাল্টে দিতে চায় উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, অতীতের বস্তাপচা পরিবারতন্ত্রকে লাল কার্ড দেখাতে চাই। সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই।
ক্ষমতায় গেলে কর্মসংস্থানের ব্যাপক উদ্যোগ নেয়া হবে জানিয়ে জামায়াত আমির বলেন, যুবকের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না, তাদের যোগ্য কাজ তুলে দিতে চাই। দেশের অর্থনীতিতে ফেনীর বিরাট অবদান আছে, তার যথাযথ স্বীকৃতি নিশ্চিত করবো আমরা।
ক্ষমতায় গেলে জামায়াত নারীদের বাইরে যেতে দেবে না এমন প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ঘরে ও কর্মস্থলে নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। মা ও বোনের জাতি হিসেবে নারীদের সম্মানের ব্যবস্থা করবো।
শুক্রবার ছুটির দিনে সকাল ৮টায় এ জনসমাবেশ শুরু হয়। জনসভায় জামায়াত আমির ডা. শফিকুর রহমান ছাড়াও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন।
জনসভায় ফেনী-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-২ আসনে ১১ দলীয় জোট থেকে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও ফেনী-৩ আসনের জামায়াতের প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের হাতে প্রতীক তুলে দেন জামায়াত আমির।



