
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াতের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎটি আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশে চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, শিল্প ও বাণিজ্য, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় হয়।
বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ভূমিকার প্রশংসা করেন বলে দাবি করেছে দলটি। একই সঙ্গে ভবিষ্যতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের পলিটিক্যাল ও ইকোনমিক কাউন্সিলর এরিক গিলম্যান, পাবলিক অফিসার মনিকা এল সাই, পলিটিক্যাল অফিসার জেমস স্টুয়ার্ট এবং পলিটিক্যাল স্পেশালিস্ট ফিরোজ আহমেদ।
জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন এবং আমিরে জামায়াতের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মাহমুদুল হাসান।



