তারেক রহমান
‘সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে কথা বলছেন তারেক রহমান। ছবি: সংগৃহীত

গণতন্ত্র কেবল জাতীয় পর্যায়ে সীমাবদ্ধ নয়, স্থানীয় সরকারব্যবস্থাতেও গণতান্ত্রিক চর্চা কার্যকর করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে ‘সিলেটে দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে তরুণদের প্রশ্নের উত্তর দেন এবং দিকনির্দেশনাও প্রদান করেন তিনি।

তারেক রহমান বলেন, ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও স্থানীয় কমিউনিটি পর্যায়ে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয়। 

তিনি আরও যোগ করেন, উন্নত দেশগুলোতে ট্রাফিক ব্যবস্থাপনা থেকে শুরু করে স্থানীয় প্রশাসন পর্যন্ত সব জায়গায় গণতান্ত্রিক অনুশীলন কার্যকরভাবে বিদ্যমান।

স্বাস্থ্য খাতে নাগরিক সেবার অপ্রতুলতার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে রোগীর তুলনায় সরকারি হাসপাতাল ও চিকিৎসকের সংখ্যা অত্যন্ত কম। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মতো প্রতিষ্ঠানে সীমিত সম্পদের মধ্যে বিপুলসংখ্যক রোগীকে সেবা দিতে হচ্ছে। তাই দ্রুত সেবা নিশ্চিত করতে পাবলিক–প্রাইভেট পার্টনারশিপ জরুরি।

তিনি জেলাগুলোর জন্য বিশেষায়িত হাসপাতাল নির্মাণকে সবসময় বাস্তবসম্মত হিসেবে দেখেন না এবং উন্নত দেশগুলোর মতো নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করার প্রস্তাব দেন। কমিউনিটি পর্যায়ে হেলথ কেয়ার ওয়ার্কারদের প্রশিক্ষণের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করাও তার প্রস্তাবিত পরিকল্পনার মধ্যে রয়েছে।

অদক্ষ শ্রমিকদের বিদেশে পাঠানোর প্রসঙ্গ তুলে তারেক বলেন, প্রতিবছর প্রায় ৭০ লাখ মানুষ বিদেশে যায়, যাদের বড় অংশ অদক্ষ। তিনি বলেন, কারিগরি ও ভোকেশনাল শিক্ষাব্যবস্থা আধুনিক করার পাশাপাশি ভাষা শিক্ষার মাধ্যমে তরুণদের দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে তারা আন্তর্জাতিক শ্রমবাজারে কাজ করতে পারে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি স্মরণ করান, বেগম খালেদা জিয়ার সময়ে মেয়েদের বিনামূল্য শিক্ষার সুযোগ তৈরি হয়েছিল, যার ফলে আজ নারীদের শিক্ষায় বড়ো অগ্রগতি এসেছে। তারেক জানান, বিএনপির সরকারে ‘ফ্যামিলি কার্ড’ চালু হবে, যা পরিবারের প্রধান নারীর নামে দেওয়া হবে। এর মাধ্যমে মাসিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা বা প্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করা হবে।

পরিবেশ ও নাগরিক অধিকার সংক্রান্ত মন্তব্যে তিনি বলেন, শহরের ময়লা ব্যবস্থাপনা, বায়ুদূষণ ও শব্দদূষণ প্রতিরোধ করতে নাগরিকদের কথা বলার অধিকার নিশ্চিত করতে হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশজুড়ে ৮০ কোটি গাছ রোপণের পরিকল্পনা নিয়েছে। প্রতিটি উপজেলায় সরকারি নার্সারির মাধ্যমে চারা বিতরণ করা হবে।

কৃষিপণ্য বাজারজাতকরণ প্রসঙ্গে তিনি বলেন, মধ্যস্বত্বভোগীর অনিয়ম থাকলে ব্যবস্থা নেওয়া হবে। কৃষককে প্রতীকী নয়, বাস্তব ও কার্যকর সহায়তা দিতে হবে।

এমকে/আরটিএনএন