
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার একটি ভার্চুয়াল অধিবেশন আজ রোববার (১৮ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনে সভাপতিত্ব করেন দলের আমির ডা. শফিকুর রহমান।
ভার্চুয়ালি অনুষ্ঠিত এই অধিবেশনে সংগঠনের নায়েবে আমিরবৃন্দ, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা অংশগ্রহণ করেন।
অধিবেশনের শুরুতে কেন্দ্রীয় মজলিসে শূরার নতুন কয়েকজন সদস্য শপথ গ্রহণ করেন। আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করান এবং তাদের সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা ও আদর্শিক দৃঢ়তার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
অধিবেশনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় মজলিসে শূরার পক্ষ থেকে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবি জানানো হয়। একই সঙ্গে ভোটকেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে ফিরিয়ে আনা, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো বিশেষ দলের প্রতি পক্ষপাতিত্ব না করার আহ্বান জানানো হয়।
এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার এবং সার্বিকভাবে ভোটের পরিবেশ নিরাপদ করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি তুলে ধরা হয়।
অধিবেশনে সংগঠনের সার্বিক পরিস্থিতি, সাংগঠনিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়েও আলোচনা হয়। কেন্দ্রীয় মজলিসে শূরার পক্ষ থেকে দেশের সর্বস্তরের জনশক্তিকে সর্বোচ্চ ধৈর্য, সবর ও হিকমাহর সঙ্গে ময়দানে ভূমিকা পালন করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে একটি মানবিক, শান্তিপূর্ণ ও নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিয়মতান্ত্রিক ও ইতিবাচক প্রচেষ্টা অব্যাহত রাখার নির্দেশনা দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে জনগণের জানমাল ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।



