তারেক রহমান
বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলনে বক্তব্য রাখছেন তারেক রহমান।ছবি: আরটিএনএন

গুম, খুন ও নির্যাতনের মতো ভয়াবহ দমন-পীড়নের পরও বিএনপির নেতাকর্মীরা কখনো কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। 

শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। ‘মায়ের ডাক’ ও ‘আমরা বিএনপি পরিবার’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

তারেক রহমান বলেন, অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আপসহীন থাকা কোনো রাজনৈতিক শক্তিকে ষড়যন্ত্র বা অপপ্রচারের মাধ্যমে দমন করা যায় না।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে তাকে দেশ, পরিবার ও নেতাকর্মীদের থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছে। তবে দূর থেকেও তিনি স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন ও প্রতিবাদে যুক্ত ছিলেন এবং সাধ্য অনুযায়ী স্বজনহারা মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। সীমাবদ্ধতা সত্ত্বেও বিএনপি সবসময় নির্যাতিত মানুষের পাশে থাকার চেষ্টা করেছে বলে তিনি উল্লেখ করেন।

ফ্যাসিবাদী শাসনামলে বিএনপির হাজার হাজার নেতাকর্মী গুম, খুন, নির্যাতন ও হত্যার শিকার হয়েছেন উল্লেখ করে তারেক রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় দেড় লক্ষাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়। এসব মামলার বোঝা প্রায় ৬০ লাখ নেতাকর্মীকে বহন করতে হয়েছে। দিনের পর দিন অনেককে ঘরবাড়ি ও স্বজন ছেড়ে থাকতে হয়েছে। এসব মামলা ছিল সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি আরও বলেন, সরকারবিরোধী আন্দোলন কখনো তীব্র, কখনো শ্লথ হলেও বিএনপির নেতাকর্মীরা কখনো আত্মগোপন করেননি। তারা সবসময় অন্যায়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রেখেছেন। গুম-খুনের শিকার পরিবারগুলোর প্রতি ভবিষ্যৎ গণতান্ত্রিক সরকারের দায় রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।

নির্বাচন কমিশনের ভূমিকা প্রসঙ্গে তারেক রহমান বলেন, নানা বিতর্কের পরও বিএনপি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারগুলোকে নিয়ে দলের সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে শহীদদের নামে সরকারি স্থাপনার নামকরণ করা হবে, যাতে নতুন প্রজন্ম তাদের ত্যাগ স্মরণে রাখতে পারে।

তিনি বলেন, গুম-খুনের সেই ভয়াবহ সময়ের অবসান ঘটেছে। দেশ গণতন্ত্রের পথে এগোতে শুরু করেছে। তবে এখনো অনেক সন্তান অপেক্ষায় রয়েছে—হয়তো একদিন তাদের বাবা দরজায় কড়া নাড়বে, অনেক মা অপেক্ষায় রয়েছেন হারিয়ে যাওয়া সন্তানের ফেরার আশায়।

মতবিনিময় সভায় উত্তরবঙ্গ সফর প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশনের অনুরোধে শান্তির স্বার্থে বিএনপি কর্মসূচি স্থগিত করেছিল। এটিকে দুর্বলতা নয়, বরং ভদ্রতা হিসেবে দেখার আহ্বান জানান তিনি। 

তবে এরপর নির্বাচন কমিশন ও একটি রাজনৈতিক দল বিভিন্ন কৌশলে নির্বাচন প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।

এমকে/আরটিএনএন