
জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ইসলামী জোট যখন নানা ভুল–বোঝাবুঝি ও সমন্বয়হীনতার কারণে ভাঙনের আশঙ্কার মুখে, ঠিক তখনই দৃশ্যপটে আবার সক্রিয় হয়ে উঠেছেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতৃত্ব। তিনটি ভিন্ন দলের প্রতিনিধি হিসেবে তিন সাবেক কেন্দ্রীয় সভাপতি একই আলোচনার টেবিলে বসে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন।
গতকাল বুধবার পূর্বঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণে স্থগিত হওয়ার পর আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে দলগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠকে মিলিত হন। বৈঠকে জোটের ভবিষ্যৎ, পারস্পরিক আস্থা পুনর্গঠন এবং আসন্ন নির্বাচনকেন্দ্রিক করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে জামায়াতের পক্ষে নেতৃত্ব দেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। খেলাফত মজলিসের পক্ষে উপস্থিত ছিলেন দলটির মহাসচিব ও শিবিরের আরেক সাবেক কেন্দ্রীয় সভাপতি আহম্মেদ আব্দুল কাদের বাচ্চু। অন্যদিকে এবি পার্টির হয়ে বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, তিনিও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
রাজনৈতিক মহলে এই তিন নেতার একই টেবিলে বসাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, এটি কোনো কাকতালীয় ঘটনা নয়; বরং ইসলামী জোটের ভেতরে যে দূরত্ব ও বিভ্রান্তি তৈরি হচ্ছিল, তা নিরসনে একটি সুপরিকল্পিত সমন্বয় উদ্যোগ।
জামায়াত ও শিবির সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, ইসলামী রাজনৈতিক শক্তির ভোটব্যাংককে বিভক্ত না করে একটি কার্যকর ও বাস্তবমুখী জোট কাঠামোর মধ্যে আনাই এই উদ্যোগের মূল লক্ষ্য। অতীতে আন্দোলন, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতায় পরীক্ষিত শিবিরের সাবেক নেতৃত্ব এবার “নেপথ্যের কারিগর” হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করছেন।
সূত্র মতে, এই বৈঠকে পারস্পরিক আস্থার সংকট দূর করার পাশাপাশি জোট রাজনীতিতে কৌশলগত ঐক্য, নির্বাচনী সমন্বয় এবং ইসলামপন্থী ভোট এক বাক্সে আনার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
জামায়াত ও শিবিরের পক্ষ থেকে বলা হচ্ছে, ইসলামী রাজনীতির ভবিষ্যৎ কেবল আবেগ নয়, বরং সুসংগঠিত পরিকল্পনা ও ঐক্যের ওপর নির্ভরশীল। সেই লক্ষ্যেই অভিজ্ঞ ও পরীক্ষিত নেতৃত্ব সামনে না এসে নীরবে সমন্বয়ের দায়িত্ব পালন করছে—যাতে ইসলামী শক্তি বিভক্ত না হয়ে একটি কার্যকর রাজনৈতিক বিকল্প হিসেবে আত্মপ্রকাশ করতে পারে।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই উদ্যোগ সফল হলে ইসলামী জোট শুধু ভাঙনের শঙ্কা কাটিয়ে উঠবে না, বরং আগামী দিনের রাজনীতিতে আরও সুসংগঠিত ও প্রভাবশালী অবস্থানে যেতে পারবে।



