
ইসলামী দলগুলোর ঐক্য প্রক্রিয়া ও নির্বাচনী সমঝোতা শেষ মুহূর্তে এসে ভেস্তে যাবার আশঙ্কা তৈরি হওয়ায় সবাইকে বাস্তবতা অনুধাবন করার পরামর্শ দিয়েছেন, আলোচিত তরুণ বক্তা ও খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক মুফতি আলী হাসান উসামা।
নিজের ফেসবুক পেজে এমন আহ্বান জানিয়েছেন তিনি। নাম উল্লেখ না করে জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা ও শরিয়া আইন নিয়ে বাড়াবাড়ি করার আগে, নিজ নিজ সীমাবদ্ধতা বোঝার আহ্বানও জানিয়েছেন তিনি।
মুফতি আলী হাসান উসামা লেখেন, “প্রচলিত পন্থায় ক্ষমতায় গিয়ে রাতারাতি কেউই শরিয়া প্রতিষ্ঠা করতে পারবে না। পারলে শরিয়ারাষ্ট্র শব্দের স্থলে কল্যাণরাষ্ট্রের কথা বলতে হত না। তবে অন্য যেকোনো সরকারের চেয়ে তারা যে ভালো ও সৎ শাসন পরিচালনা করবে, এতে তো সন্দেহ থাকার কথা না। বিগত সময়ে দুটো মন্ত্রণালয়ও তারা চালিয়েছে, দুর্নীতির প্রমাণ খুঁজে পাওয়া যায় না।”
খেলাফত মজলিস নেতা আরও বলেছেন, “অন্যান্য ইসলামি দল তো এককভাবে ক্ষমতায় গেলেও এখনো রাষ্ট্র পরিচালনার যোগ্যই হয়ে ওঠেনি, সব সেক্টরে লোকই তৈরি করতে পারেনি, অধিকাংশ তো রাজনীতির মারপ্যাঁচই ঠিকভাবে বোঝে না, বিশ্ব কীভাবে চলে সেটার ব্যাপারেও সুস্পষ্ট ধারণা রাখে না, সেখানে তারা তো এককভাবেও অন্য যে-কারও থেকে ভালো রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা রাখে। অন্ধ বিরোধিতার মানসিকতা পরিহার করে যার যেটা ভালো তার মূল্যায়ন করা উচিত আর কার কতটুকু সীমাবদ্ধতা তাও বোঝা উচিত।”
মুফতি আলী হাসান উসামা সিলেট-৪ সংসদীয় আসনে খেলাফত মজলিস মনোনীত ও দেওয়াল ঘড়ি মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।



