
জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যখন ভাঙনের আশঙ্কা তীব্র হচ্ছে তখন সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ এই সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা, ধৈর্য ও দায়িত্বশীল আচরণের পরিচয় দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। জামায়াত আমির বলেন, কারও ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে।
বুধবার (১৪ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
পোস্টে জামায়াত আমির লেখেন, বহু ত্যাগ ও কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে বর্তমান পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এই সময়টি জাতীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বাঁক।
ডা. শফিকুর রহমান বলেন, এ সময়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিতে হবে। তিনি আরও উল্লেখ করেন, তাঁদের উদ্দেশ্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।
ফেসবুক পোস্টে জামায়াত আমির আশাবাদ ব্যক্ত করে বলেন, সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবেন—ইনশাআল্লাহ।
এমকে/আরটিএনএন



