জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামী। ছবি: সংগৃহীত

ঢাকা মহানগরী উত্তরের শের-ই-বাংলানগর দক্ষিণ থানার পশ্চিম রাজাবাজার ওয়ার্ড জামায়াতে ইসলামীর সহসভাপতি ও হোমিও চিকিৎসক আনোয়ারুল্লাহকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

বুধবার (১৪ জানুয়ারি) এক বিবৃতিতে সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এ নিন্দা জানান।

বিবৃতিতে তিনি বলেন, গত সোমবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে আনোয়ারুল্লাহকে নিজ বাসায় ঢুকে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এটি কোনো সাধারণ চুরি বা বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং পরিকল্পিত ও ঠাণ্ডা মাথার হত্যাকাণ্ড।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ভোররাতে একটি আবাসিক এলাকায় গ্রিল কেটে দীর্ঘ সময় ধরে বাসার ভেতরে অবস্থান করে একজন মানুষকে হত্যা করে নির্বিঘ্নে পালিয়ে যাওয়া দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতিরই প্রমাণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থতার দায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এড়াতে পারে না।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত আনোয়ারুল্লাহ ছিলেন একজন মানবিক হোমিও চিকিৎসক ও সমাজসেবায় নিবেদিত ব্যক্তি। হত্যার আগে হত্যাকারীদের কথোপকথন ও আচরণ থেকে এটি যে উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড, সে বিষয়ে সন্দেহের অবকাশ নেই। এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

জামায়াত নেতা অবিলম্বে এই হত্যাকাণ্ডের একটি নিরপেক্ষ, স্বচ্ছ ও নির্ভরযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারী ও পরিকল্পনাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে নিহতের পরিবারসহ দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক পরিচয় নির্বিশেষে কোনো নাগরিকের জীবন নিরাপদ না থাকলে রাষ্ট্র তার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়। এ ধরনের নির্মম হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

বিবৃতির শেষে নিহত আনোয়ারুল্লাহর রুহের মাগফিরাত কামনা এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

এমকে/আরটিএনএন