
গণভোটের প্রচারণার দায়িত্ব বিএনপির নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, গণভোটের প্রচারণা তো বিএনপির না। জনগণের দায়িত্ব ভোট দেওয়া। জনগণ ‘হ্যাঁ’ ভোট দিলে গণভোট পাশ হবে, আর ‘না’ ভোট দিলে তা বাতিল হবে।
মির্জা ফখরুল বলেন, এই দেশে যা কিছু ভালো অর্জন, তার সবই বিএনপির অবদান। একদলীয় শাসনব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে উত্তরণ বিএনপির হাত ধরেই এসেছে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায় করা হবে।
বিএনপি মহাসচিব মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমি আগে ক্রিকেট খেলতাম এবং ক্রিকেট বোর্ডের মেম্বারও ছিলাম। এখন ক্রিকেট খেলি না রাজনীতি করি। এই ক্রিকেটের বিষয়ে আন্তর্জাতিক বিষয় জড়িত আছে। ক্রিকেটের সঙ্গে আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা হয়েছে। এতে আমরা মনে করি আমাদের দেশকে অপমান করা হয়েছে। এ বিষয়ে ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে আমরা একমত। তবে ছোটোখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করার পথ খোলা রাখা উচিত।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে পারষ্পরিক সম্মান বজায় রেখে আলোচনার ভিত্তিতে তিস্তা,পদ্মাসহ অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ঘোষণা করেন, তারেক রহমান উত্তরাঞ্চল আসবেন এবং রংপুরের শহীদ আবু সাইদসহ গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।
এ সময় ঠাকুরগাঁও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সম্প্রতি ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মির্জা ফখরুল গণভোটে ‘না’ দেওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছিলেন।
এমকে/ আরটিএনএন



