বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান
বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করতে শিক্ষার্থীদের প্রতি আইজিপির আহ্বান।ছবি: সংগৃহীত

মেধা ও মননশীলতা কাজে লাগিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

শনিবার (১১ এপ্রিল) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি কমপ্লেক্সে আয়োজিত ‘আইজিপি শিক্ষাবৃত্তি-২০২৫’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে আইজিপি বলেন, শুধু জ্ঞান অর্জন করলেই চলবে না, বরং দেশ ও জনগণের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। তিনি শিক্ষার্থীদের ইতিবাচক চিন্তা, মানবিক মূল্যবোধ এবং আইন মানার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের কল্যাণে কাজ করলেই একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

পুলিশ বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রসঙ্গে তিনি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, কোনো পুলিশ সদস্য অপরাধে জড়িত হলে তাকে ছাড় দেওয়া হবে না। প্রতিটি জেলার সদর থানাকে ‘জিরো কমপ্লেইন’ থানা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান আইজিপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির সভাপতি (অব.) অতিরিক্ত আইজিপি ড. এম আকবর আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত। এছাড়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সহ-সভাপতি (অব.) অতিরিক্ত আইজিপি ইয়াসমিন গফুর।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষে সৌমিক সরকার দুর্জয়, মাহিন আল হোসেন এবং মাহজাবিন জেরিন পুষ্পিতা ‘কেমন পুলিশ চাই’ শীর্ষক মতামত তুলে ধরেন। তারা পুলিশকে আরও জনবান্ধব, বন্ধুসুলভ এবং মানবিক হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

উল্লেখ্য, কমিউনিটি ব্যাংকের সিএসআর তহবিলের সহায়তায় ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মোট চারশ’ শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে। অনুষ্ঠানে উপস্থিত একশ’ শিক্ষার্থীর হাতে সরাসরি বৃত্তি তুলে দেওয়া হয় এবং বাকিদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের মাধ্যমে তা পৌঁছে দেওয়া হবে।