হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়
হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়।ছবি: সংগৃহীত

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় আনা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

সরকারি সফরের অংশ হিসেবে ঢাকা থেকে লালমনিরহাট যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে সৈয়দপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়।

তার শারীরিক অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, দুই দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর পৌঁছান মন্ত্রী। বিমানবন্দর থেকে লালমনিরহাটে যাওয়ার আগে তিনি ভিআইপি রেস্টরুমে দলীয় নেতাকর্মীদের সাথে সাংগঠনিক বিষয়ে আলোচনা করছিলেন।

‘রেস্টরুমে কথা বলার একপর্যায়ে মন্ত্রী হঠাৎ অসুস্থতা বোধ করেন। পরিস্থিতি গুরুতর মনে হওয়ায় নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং নিবিড় পর্যবেক্ষণে রাখেন।’

গফুর সরকার আরও জানান, সার্বিক অবস্থা বিবেচনা করে মন্ত্রীকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে ঢাকা থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে। সেটি পৌঁছা মাত্রই তাকে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে।