
পুলিশ প্রশাসনের একাধিক গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, অতিরিক্ত উপমহাপরিদর্শক রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দপ্তরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে ওই শাখায় কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার ও রক্ষণাবেক্ষণ শাখায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদের-কে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। প্রকিউরমেন্ট ও রক্ষণাবেক্ষণ বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।
একই আদেশে অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট পশ্চিম বিভাগে দায়িত্ব দেওয়া হয়েছে। ওই বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট ও রক্ষণাবেক্ষণ বিভাগে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং দাপ্তরিক দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই এই রদবদল করা হয়েছে।



