
রাজধানীতে চলমান তীব্র তাপদাহে সবচেয়ে বেশি কষ্টে দিন পার করছেন শ্রমজীবী মানুষ। প্রখর রোদ আর ভ্যাপসা গরমে রিকশাচালক, দিনমজুর ও হকারদের জীবনযাত্রা হয়ে উঠেছে দুর্বিষহ। প্রতিদিনের আয় কমে যাওয়া, শারীরিক ক্লান্তি এবং স্বাস্থ্যঝুঁকি সব মিলিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন তারা।
সোমবার (০৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন এলাকায় কথা বলে জানা যায়, সকাল থেকেই রাস্তায় নেমে পড়তে হলেও দুপুরের পর থেকে কাজ করা প্রায় অসম্ভব হয়ে উঠছে। গরমে মাথা ঘোরা, অতিরিক্ত ঘাম ও পানিশূন্যতায় অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।
রিকশাচালক আব্দুল করিম বলেন, রোদে বের হলেই মনে হয় শরীর পুড়ে যাচ্ছে। আগের মতো যাত্রীও পাই না অটো রিক্সার কারণে পায়ের রিক্সাতে যাত্রী কম উঠে। দিনে যা আয় করি, তা দিয়ে ঠিকমতো সংসার চলে না।
একই চিত্র দিনমজুরদের ক্ষেত্রেও। নির্মাণ শ্রমিক রহিম উদ্দিন জানান, গরমে কাজ করা খুব কষ্টকর। মাঝে মাঝে কাজ বন্ধ রাখতে হয়। এতে আয় কমে যাচ্ছে, কিন্তু খরচ তো কমে না।
হকাররাও পিছিয়ে নেই এই দুর্ভোগ থেকে। ফুটপাতে ফল বিক্রি করা সেলিম মিয়া বলেন, গরমে মানুষ কম বের হয়, বিক্রিও কমে গেছে। আবার রোদে বসে থাকাও কঠিন হয়ে যাচ্ছে।
চিকিৎসকদের মতে, এই ধরনের তাপদাহে শ্রমজীবী মানুষদের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকতে হয়। তারা নিয়মিত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং সম্ভব হলে রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন।
শিমু/এসএস/আরটিএনএন



