আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্স
আন্তর্জাতিক হার্ট ফেইলিউর কনফারেন্স।ছবি: আরটিএনএন

হৃদযন্ত্রের জটিল রোগ হার্ট ফেইলিউর নিয়ে চিকিৎসাবিজ্ঞানের সর্বশেষ অগ্রগতি এবং আধুনিক চিকিৎসা পদ্ধতি আলোচনা করতে শুরু হয়েছে ‘১ম ইন্টারন্যাশনাল হার্ট ফেইলিউর কনফারেন্স ২০২৬’।

সোমবার (৩০ মার্চ) সকাল থেকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকার গ্র্যান্ড বলরুমে দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে দেশ-বিদেশের খ্যাতনামা কার্ডিওলজিস্ট, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্যখাতের বিশেষজ্ঞরা অংশ নিয়েছেন।

সম্মেলনে হার্ট ফেইলিউর প্রতিরোধ, আধুনিক চিকিৎসা পদ্ধতি, নতুন প্রযুক্তির ব্যবহার এবং রোগীদের উন্নত সেবাদান নিয়ে বিভিন্ন বৈজ্ঞানিক প্রবন্ধ ও গবেষণা উপস্থাপন করা হবে।

আয়োজকদের পক্ষ থেকে স্বাগত জানিয়ে ডা. ডিএমএম ফারুক ওসমানী বলেন, হার্ট ফেইলিউর এখন বিশ্বব্যাপী একটি বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ। এই সম্মেলনের মাধ্যমে দেশি–বিদেশি বিশেষজ্ঞরা অভিজ্ঞতা ও গবেষণালব্ধ জ্ঞান বিনিময় করবেন, যা হৃদরোগ চিকিৎসাকে আরও উন্নত করবে।

বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. নজরুল ইসলাম বলেন, আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলন চিকিৎসা শিক্ষা, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি উল্লেখ করেন, হৃদ্‌রোগ একটি বড় বৈশ্বিক স্বাস্থ্যঝুঁকি এবং এ ধরনের সম্মেলন জ্ঞান বিনিময়, নতুন চিকিৎসা পদ্ধতি উন্নয়ন ও রোগীদের সেবার মান বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি তিনি আয়োজকদের প্রশংসা করে সম্মেলনের সফলতা কামনা করেন।

আন্তর্জাতিক বক্তা হিসেবে যুক্তরাজ্যের হৃদরোগ বিশেষজ্ঞ স্টিফেন পেটিট বলেন, বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক হার্ট ফেইলিউর সম্মেলনে অংশ নিতে পেরে আমি সম্মানিত। বিশ্বের বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে জ্ঞান বিনিময় হৃদরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনা তৈরি করবে।

সম্মেলনের আয়োজনকারীরা জানিয়েছেন, বাংলাদেশে হৃদরোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। তাই আধুনিক চিকিৎসা ও গবেষণার তথ্য বিনিময়ের মাধ্যমে রোগীদের চিকিৎসা আরও উন্নত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য।

দিনব্যাপী বৈজ্ঞানিক সেশন, প্যানেল আলোচনা এবং অভিজ্ঞ চিকিৎসকদের বক্তৃতা অনুষ্ঠিত হবে। রাতে পর্যন্ত বিভিন্ন সেশন চলবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।