
শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের নির্বাচনে ভোট গ্রহণের দিন সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার (৩০ মার্চ) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন ও শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন নির্বাচনি এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস/প্রতিষ্ঠান/সংস্থায় কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা কর্তৃক স্ব স্ব ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।
বর্ণিতাবস্থায়, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসনের নির্বাচন এবং শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন অর্থাৎ ৯ এপ্রিল বৃহস্পতিবার সাধারণ ছুটি ঘোষণা করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ বিষয়ে বগুড়া-৬ সংসদীয় আসনের রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান, এই আসনে নির্বাচনের পরিবেশ খুবই ভালো আছে। এই আসনের উপনির্বাচনে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মো. রেজাউল করিম বাদশা, জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীকে মো. আবিদুর রহমান এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
শেরপুর-৩ আসনের রিটার্নিং অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, এই আসনের সাধারণ নির্বাচনে মোট তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি মনোনীত প্রার্থী মো. মাহমুদুল হক রুবেল ধানের শীষ প্রতীক, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মাসুদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মার্কসবাদী) একজন প্রার্থী কাঁচি প্রতীকে নির্বাচন করছেন।



