
পবিত্র ঈদুল ফিতর-এর বিরতি শেষে আজ রোববার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদ-এর ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন।
গেল ১২ মার্চ অধিবেশন শুরু হলেও ঈদের ছুটিসহ অন্যান্য কারণে ১৫ মার্চ তা মূলতবি করা হয়েছিল। ১৩ দিনের বিরতির পর বিকাল ৩ টায় থেকে সংসদের কার্যক্রম আবারও চালু হচ্ছে।
জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে মূলত প্রেসিডেন্টের ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনা হবে। সরকারি ও বিরোধী দলের সদস্যরা এতে অংশ নেবেন। সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে।
আজকের কার্যসূচিতে সরকারি দলের সংসদীয় সভা এবং অধ্যাদেশ-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটির বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া দিনের কর্মসূচিতে মন্ত্রীদের জন্য প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং সেসব নোটিশের ওপর আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে, যা সংসদের নিয়মিত কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। ঈদের বিরতির পর শুরু হওয়া এই অধিবেশনকে ঘিরে সংসদে আইন প্রণয়ন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা নতুন করে গতি পাবে বলে আশা করা হচ্ছে।



