
১৯৭১ সালের ২৫ মার্চের গণহত্যা স্মরণে ঘোষিত এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি এ বছর পালন করা হবে না। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
তবে কেন এ কর্মসূচি পালন করা হচ্ছে না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে ‘অপারেশন সার্চলাইট’ নামে পাকিস্তানি সেনাবাহিনী ঢাকাসহ সারা দেশে ব্যাপক গণহত্যা চালায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলসহ বিভিন্ন স্থানে শিক্ষক-শিক্ষার্থী ও নিরস্ত্র মানুষের ওপর নির্বিচারে হামলা চালানো হয়।
উল্লেখ্য, কালরাত স্মরণে ২৫ মার্চ এক মিনিটের প্রতীকী ব্ল্যাকআউট কর্মসূচি চালু করা হয় আগের সরকার আমলে। গেল বছরও রাত ১০টা থেকে ১০টা এক মিনিট পর্যন্ত এই কর্মসূচি পালন করা হয়েছিল।
এমআর/আরটিএনএন



