দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।
দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা। ছবি: সংগৃহীত

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান জানিয়েছেন, সদরঘাটে ঘটে যাওয়া মর্মান্তিক লঞ্চ দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে। ইতোমধ্যে, দুর্ঘটনাকবলিত দুটি লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৮ মার্চ) রাত সোয়া ৯টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিস্তারিত তথ্য সংগ্রহ করেন।

প্রতিমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে নৌপরিবহন মন্ত্রণালয় এবং বিআইডব্লিউটিএ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত প্রতিবেদন তিন কার্যদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সংস্থা) আবুল ইসলামকে একটি তদন্ত কমিটির প্রধান করা হয়েছে, এবং বিআইডব্লিউটিএ’র পরিচালক (প্রশাসন) সাইফুল ইসলামকে অপর কমিটির প্রধান করা হয়েছে। তদন্ত কমিটিতে বিআইডব্লিউটিএ, নৌপরিবহন অধিদপ্তর, ফায়ার সার্ভিস ও নৌ পুলিশসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি থাকবে।

প্রতিমন্ত্রী জানিয়েছেন, দুর্ঘটনায় আহতরা একই পরিবারের সদস্য এবং তারা বরিশালের মেহেন্দীগঞ্জ এলাকার বাসিন্দা। আহতদের মধ্যে একজন অন্তঃসত্ত্বা নারী রয়েছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেয়া হবে।